আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ইতালি। নিজেদের ইতিহাসে এবারই প্রথম এ টুর্নামেন্টে অংশ নেবে ইতালিয়ানরা। পূর্বঘোষণা অনুযায়ী, ইউরোপিয়ান দলটিকে নেতৃত্ব দেবে ওয়েন ম্যাডসেন। ১৫ সদস্যের দলে চমকও আছে কিছু। এ দলে রয়েছে দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলা জেজে স্মাটস। এছাড়াও ইতালিয়ানদের ঐতিহাসিক দলে আছে দুই জোড়া ভাইও! তারা হলেন হ্যারি ও বেঞ্জামিন মানেন্তি এবং অ্যান্থনি ও জাস্টিন মোসকা।
এর আগে ইউরোপিয়ান বাছাইপর্বে ইতালিকে নেতৃত্ব দেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার জো বার্নস। গত বছরের শেষ দিকে অধিনায়কত্ব থেকে তাকে সরিয়ে দেয়ার পর স্কোয়াডেও জায়গা করতে পারেননি তিনি। চুক্তি সংক্রান্ত জটিলতার কারণেই বার্নসকে ছেড়ে দিতে হয়। সে বছরের জুলাইয়ে নেদারল্যান্ডসের পর দ্বিতীয় হয়ে বিশ্বকাপের টিকিট পায় ইতালি। সে পথে স্কটল্যান্ড ও গার্নসিকে হারায় তারা। বিশেষ করে স্কটিশদের বিপক্ষে ১২ রানের জয় ছিল ইতালিয়ানদের কাছে বড় পাওয়া। তাদের প্রধান কোচ হিসেবে আছেন জন ডেভিসন এবং তার সহকারী হিসেবে কাজ করবেন কেভিন ও’ব্রায়েন ও ডাগি ব্রাউন। এ দলের সবচেয়ে বড় সংযোজন স্মাটস, যিনি এর আগে প্রোটিয়াদের হয়ে খেলেছেন এবং এখন পর্যন্ত ১৩টি সীমিত ওভারের আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। চোটের কারণে খেলতে পারছেন না এমিলিও গে।
আগামী ৭ই ফেব্রুয়ারি পর্দা উঠতে যাওয়া বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে ‘সি’ গ্রুপে ইতালির সঙ্গী ইংল্যান্ড, নেপাল এবং ওয়েস্ট ইন্ডিজ। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৯ই ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের সঙ্গে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক ঘটবে ইতালির। এরপর ১২ই ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের সঙ্গে খেলে ১৬ই ফেব্রুয়ারি কলকাতায় ইংল্যান্ডের সঙ্গে ম্যাচ তাদের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যারিবিয়ানদের সঙ্গেও একই ভেন্যুতে খেলবে ইতালিয়ানরা।
ইতালির বিশ্বকাপ স্কোয়াড: জাইন আলী, মার্কাস ক্যাম্পোপিয়ানো (উইকেটকিপার), আলি হাসান, ক্রিশান কালুগামাগে, ওয়েন ম্যাডসেন (অধিনায়ক), হ্যারি মানেন্তি, জিয়ান পিয়েরো মিড, অ্যান্থনি মোসকা, জাস্টিন মোসকা, সাঈদ নাকভি, বেঞ্জামিন মানেন্তি, জসপ্রিত সিং, জেজে স্মাটস, গ্রান্ট স্টুয়ার্ট ও থমাস ড্রাকা।

