জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামীকাল বৃহস্পতিবার এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘ ১৭ বছর পর নাগরিকরা জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার অপেক্ষায়। অনেকের মনে একটাই ইচ্ছা—নিজের ভোট দেওয়ার মুহূর্তটা স্মৃতির জন্য ধরে রাখা। কিন্তু সেই মুহূর্তের ছবি তোলা কতটা সম্ভব? নির্বাচন কমিশন এ বিষয়ে স্পষ্ট নিয়ম জারি করেছে।
প্রথমে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও তীব্র সমালোচনার পরে তা প্রত্যাহার করা হয়েছে। এখন ভোটার, প্রার্থী, এজেন্ট এবং সাংবাদিকরা ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে যেতে পারবেন এবং ছবি তুলতেও পারবেন।
কিন্তু একটাই শর্ত—গোপন কক্ষে প্রবেশ করলে মোবাইল ব্যবহার বা ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। অর্থাৎ ভোটাররা বুথের ভেতরে ঢুকেই সেলফি তুলতে পারবেন না। সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রের ভেতর মোবাইল ব্যবহারও সীমিত।
এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫ এবং হিজড়া ভোটার ১ লাখ ২২০ জন। সর্বনিম্ন ভোটার সংখ্যা ঝালকাঠি-১ আসনে ২ লাখ ২৮ হাজার ৪৩১ এবং সর্বোচ্চ গাজীপুর-২ আসনে ৮ লাখ ৪ হাজার ৩৩৩।

